চট্টগ্রামে আত্মহত্যার প্ররোচনা মামলায় ডা. মিতুর তিনদিনের রিমান্ড শুরু

চট্টগ্রামে আত্মহত্যাকারী চিকিত্সক ডা. আকাশের স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার তাকে রিমান্ডে নেওয়া হয়। চান্দগাঁও থানার এসআই মো. আবদুল কাদের এই মামলার তদন্ত করছেন।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাসায় শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেন তরুণ চিকিত্সক মোস্তফা মোরশেদ আকাশ। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং আরো ৩/৪ জন অজ্ঞাতনামাকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন আকাশের মা জোবেদা খানম। অপর আসামিরা হলেন- মিতুর মা শামীম শেলী, বাবা আনিসুল হক চৌধুরী, বোন সানজিলা হক চৌধুরী আলিশা, মিতুর দুই বন্ধু উত্তম প্যাটেল ও ডা. মাহবুবুল আলম।

গত ৩১ জানুয়ারি রাতে নগরের নন্দনকানন এলাকায় খালাতো ভাইয়ের বাসা থেকে মিতুকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। ২ ফেব্রুয়ারি মিতুকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ৪ ফেব্রুয়ারি তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম মো. আল ইমরান খান।