জায়গা-জমির যেমন দলিল-দস্তাবেজ থাকে, তেমনি জ্ঞানেরও দলিল-দস্তাবেজ থাকে। বই হচ্ছে জ্ঞানের দলিল। বই পড়ার সাথে জ্ঞানের সম্পর্ক অপরিসীম। বই পড়লে মানুষের জ্ঞানের দ্যুতি বাড়ে। মানুষের ইতিহাস জ্ঞানের ইতিহাস। জ্ঞানচর্চার মধ্য দিয়েই মানুষ মানুষ হয়ে উঠেছে। একটা শিশু তখনই প্রকৃত মানুষ হয়ে ওঠে, যখন সে নানা জ্ঞানে জ্ঞানী হয়ে ওঠে। মানুষ বই পড়ে মনের খোরাকের জন্য, অভিজ্ঞতা অর্জনের জন্য এবং নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য। জ্ঞানের সূচনা বই থেকেই এবং সেই জ্ঞানকে সামগ্রিকভাবে কাজে লাগানোর দক্ষতা মানুষ বই পড়েই পেয়ে থাকে। মানুষের মননশীল, চিন্তাশীল, সৃষ্টিশীল চিন্তার যাবতীয় সূচনার বিস্ফোরণ একমাত্র বইয়ের মাধ্যমেই হতে পারে।
মানবজীবনের বিচিত্র অভিজ্ঞতার সংরক্ষণাগার হচ্ছে বই। বইয়ের সঙ্গে মানুষের নিত্য কথা হয়। একেকটি বই একেকটি জীবন্ত কণ্ঠস্বর। মানব মনের একটি স্বতঃসিদ্ধ অভিপ্রায় হলো অজানাকে জানা। বিশ্বপ্রকৃতির আদি-অন্তহীন রহস্যকে উদঘাটন করা মোটেই সহজ কাজ নয়। বিশ্বরহস্যের এই দুর্ভেদ্য কুহেলি ভেদ করার সঠিক অস্ত্রটি হচ্ছে বই। বই নতুন নতুন জ্ঞান বিতরণে সক্ষম, নতুন নতুন আনন্দদানে পারঙ্গম, নতুন তথ্যের জোগান দিতেও বই অতুলনীয়।
আমি প্রতিদিনই মেলায় যাচ্ছি। বিগত বছরগুলোর তুলনায় এবারের মেলা ভালো লাগছে। স্টল বিন্যাস খুব সুন্দর হয়েছে। সামগ্রিক ব্যবস্থাপনা ভালো লাগছে। বিশেষ করে ‘লেখক বলছি’ মঞ্চটি খুব ভালো হয়েছে। এটি বইমেলার নতুন সংযোজন। প্রতিদিন পাঁচজন করে লেখক এই মঞ্চ থেকে পাঠকদের সঙ্গে কথা বলছেন। এই ধরনের অভিনব উদ্যোগের জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ। মেলার উদ্বোধনী দিন শুক্রবার থাকায় এবারের মেলা প্রথম দিন থেকেই বেশ জমে উঠেছে। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে পাঠকের আনাগোনা। পাঠক বই কিনবেন, প্রিয়জনকে বই উপহার দেবেন। লেখক ও পাঠকের সম্মিলনে জমে উঠবে আমাদের প্রাণের মেলা। লেখক : কথাসাহিত্যিক