৩০ ডিসেম্বর ‘ভোট ডাকাতির’ প্রতিবাদে এক ঘণ্টার কালোব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘন্টার কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন. গত ৩০ ডিসেম্বর দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আসলে ২৯ ডিসেম্বর রাতেই ভোট ডাকাতি করা হয়েছে। অবিলম্বে নতুন নির্বাচনের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন ও জনপ্রতিরোধ গড়ে তোলা হবে।
বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৪টায় শেষ হয়। তবে অসুস্থ ও বিদেশে চিকিত্সাধীন থাকায় মানববন্ধনে অংশ নিতে পারেননি ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহমুদুর রহমান মান্না। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাঃ জাফরুল্লাহ চৌধুরী প্রমূখ।
মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ৩০ ডিসেম্বর নয় ২৯ ডিসেম্বর রাতেই নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আমরা নির্বাচন বাতিল চেয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে দাবি করেছি। আ স ম আব্দুর রব বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ছিল, আছে এবং থাকবে। ডা: জাফরুল্লাহ চৌধুরী বলেন, ৩০ ডিসেম্বর বিনা জানাযায় দেশের মানুষের ভোটাধিকারকে কবর দেয়া হয়েছে।