মুন্সীগঞ্জের লৌহজংয়ে আওয়ামী লীগ নেতার দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। বুধবার লৌহজং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খন্দকারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে বেহাত হয়ে যাওয়া ওই সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। অভিযানকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলীয়ার মৌজার আরএস ৭২৭ দাগের ০.৩১ একর জমি দখলদারমুক্ত করা হয়।
জানা গেছে, দীর্ঘ ১০ বছর যাবত সরকারি এ খাস জমি অবৈধভাবে দখল করে বসবাস করে আসছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজামান দুলু খান, ইঞ্জিনিয়ার মতিন খান, এমারত খান, জুম্মান শেখ ও রুমেল শেখ। এদেরকে গত বছরের ২০ নভেম্বর তারিখে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছিল স্থানীয় সরকার। কিন্তু তারা তাদের স্থাপনা সরিয়ে নেননি। ৪টা ঘর ও দুটি পাকা বাথরুম ভেঙে ওই জমি দখলমুক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান খন্দকার জানান, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের (ভূমি) হুকুম দখলের ১৯৭০ এর ৫ ধারা অনুযায়ী আমরা এখানকার অবৈধ দখলদার মনিরুজামান দুলু খান, ইঞ্জিনিয়ার মতিন খান, এমারত খান, জুম্মান শেখ ও রুমেল শেখকে উচ্ছেদ করি। এর আগে তাদেরকে নোটিশ দেওয়া হলেও তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেননি।