আয়কর মেলা শুরু হওয়ার পর গত পাঁচ দিনে মেলা থেকে সেবা নিয়েছেন ১১ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার ৮৩৩টি রিটার্ন দাখিলের বিপরীতে আয়কর আদায় হয়েছে ১ হাজার ৫৫৮ কোটি টাকা। গতবার আয়কর মেলায় পাঁচ দিনে সেবা গ্রহণ করেছিল ৭ লাখ ৭১ হাজার ৬৩ জন। অর্থাত্ এবার পাঁচ দিনে সেবা গ্রহণকারী বেড়েছে প্রায় ৪৯ শতাংশ। অন্যদিকে গত বছর একই সময়ে রিটার্ন দাখিল হয়েছিল ২ লাখ ১১ হাজার ৭৫৩টি। এছাড়া গত পাঁচ দিনে নতুন ই-টিআইএন (কর সনাক্তকরণ নম্বর) নিয়েছেন আরো প্রায় ২৫ হাজার ব্যক্তি।
মেলা আয়োজনকারী প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে, গতকাল মেলায় সেবা নিয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৯১৭টি। আর গতকাল ৮১ হাজার ৫৯৯টি রিটার্ন দাখিলের বিপরীতে আয়কর আদায় হয়েছে ২৯০ কোটি টাকার কিছু বেশি। গতকাল দেশের ৮টি বিভাগ, ৫২টি জেলা এবং ১৩টি উপজেলাসহ মোট ৭৩টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার মতোই মেলার পঞ্চম দিন সারাদেশে পেশাজীবী, চাকরিজীবী, তরুণ করদাতা, নারী করদাতা, অনলাইন রিটার্ন দাখিল বুথে করদাতাদের সরব উপস্থিতি ছিল। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, অনলাইন রিটার্ন বা ই-ফাইলিংয়ের সেবা দেওয়া হয়েছে।
অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর
শিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
চলমান সপ্তাহব্যাপী আয়কর মেলায় অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজধানীর অফিসার্স ক্লাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন আয়কর মেলার সমন্বয়ক ও এনবিআর সদস্য জিয়াউদ্দিন মাহমুদ। অডিও ভিজ্যুয়াল পদ্ধতিতে করদাতারা আধুনিক পদ্ধতিতে কর শিক্ষণ কার্যক্রমে অংশ নিতে পারবেন। চারটি ডকুড্রামায় রিটার্ন দাখিলের সব ধরনের তথ্য সন্নিবেশিত হয়েছে। নাটিকার মতো এ ডকুড্রামা বা ভিডিও দেখার মাধ্যমে করদাতা নিজের রিটার্ন তৈরি করতে পারবেন।