ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা

কালীগঞ্জে আটক ১০ জোড়া ছাত্রছাত্রী

ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল শিক্ষার্থীরা। স্কুল-কলেজের ইউনিফর্ম দেখে বিষয়টি নজরে আসে থানা পুলিশের। তারা অভিযান চালায় সেই রেস্টুরেন্টে। আটক করা হয় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ১০ জোড়া ছাত্র-ছাত্রীকে। ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল ৩টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজার এলাকার ফুড ক্লাব ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কের দেওয়ান মার্কেটের দো’তলায় সাদেক মিয়া মালিকানাধীন ওই রেস্টুরেন্টটি খোলা হয়। শুরু থেকেই রেস্টুরেন্টটির বিরুদ্ধে একটি বিশেষ অভিযোগ রয়েছে। রেস্টুরেন্টের মালিক সাদেক মিয়া বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বেশি প্রাধান্য দিয়ে আসছে। ঘণ্টাপ্রতি ভাড়া দিয়ে শিক্ষার্থীরা এখানে সময় ব্যয় করে এবং শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হলে বাসায় ফেরে।

সূত্র আরো জানায়, এর আগে একাধিকবার ওই রেস্টুরেন্টসহ উপজেলার বেশ কয়েকটি রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করলেও তারা এ ধরনের ব্যবসা পরিহার করেনি। বরং নতুন নতুন সুবিধা ও প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের তারা রেস্টুরেন্টে টানছে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। মালিককে নির্দিষ্ট সময়ের মধ্যে রেস্টুরেন্টের যাবতীয় কাগজপত্র দেখাতে বলা হয়েছে। কাগজপত্র দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।