সিরাজদিখানে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্য অহিত মোড়লকে (৪০) মঙ্গলবার রাতে শ্রীনগর চকবাজার নামক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অহিত শ্রীনগর থানার দেওপাড়া গ্রামের মৃত মোকসেদ মোড়লের ছেলে।
অহিত মোড়ল পুলিশের কাছে স্বীকার করেছে যে, সে গত এক মাসে ২ লাখ ৫০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে। সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন জানান, উপজেলার রাজানগর গ্রামের ফ্রান্স প্রবাসী ফেরদৌস পরিচয় দিয়ে চক্রটি তার চাচাত বোন সমিরন বেগমের কাছে ফোন করে পাসপোর্ট সমস্যার কথা বলে বিভিন্ন মেয়াদে ২ লাখ ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়েছে। পুলিশ অহিতের কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করেছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা হয়েছে। পুলিশ প্রতারক চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা করছে।