জেরা নিয়ে জোর প্রস্তুতি সিবিআই ও রাজীবের

কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে কোণঠাঁসা করতে জোর প্রস্তুতি নিচ্ছে সিবিআই। সারদা-রোজভ্যালি নিয়ে তৈরি হচ্ছে ১০০ প্রশ্ন। সিবিআইকে সামলাতে প্রস্তুতি নিচ্ছেন চৌকস পুলিশ কর্মকর্তা রাজীব কুমারও।

সিবিআই সূত্রে জানা গেছে, আপাতত দিল্লিতে রাজীব কুমারকে জেরার প্রস্তুতি চলছে। তদন্ত দল এরপর যাবেন শিলং, সেখানেও জেরা করা হবে রাজীব কুমারকে। সিবিআইর লক্ষ্য, রাজীবের ডিফেন্সে ফাটল ধরানো। তাই সব রকম প্রস্তুতি নিয়েই ২০ ফেব্রুয়ারির মধ্যে জেরা করতে চায় সিবিআই। তদন্তের ফলাফল তারা জানাবেন সুপ্রিমকোর্টকে। মূলত অভিযোগ অনুযায়ী যথেষ্ট তথ্য প্রমাণ না পেলে যে বিপাকে পড়তে হবে তা ভালো করেই জানে সিবিআই। তাই সব ধরনের প্রস্তুতির কথাই ভাবছে সিবিআই।

তবে রাজীব কুমারকে জেরার বিষয়ে এখনো কোনো চিঠি পাননি বলে গতকাল বুধবার প্রশাসনিক ভবন নবান্নে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথম দফায় ধর্নায় সফল হওয়ার পর আগামী ১৩,১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ধর্না করার কথাও জানিয়েছেন মমতা।