ব্যবসায়িক বাধা চিহ্নিতকরণ

বাণিজ্য সংগঠন নেতাদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ

সুদের হার সিঙ্গেল ডিজিটে আনা, জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন করাসহ ব্যবসায়িক বাধাগুলো দূরীকরণের দাবি উঠেছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেছেন, উত্পাদনমুখী প্রবৃদ্ধির জন্য বিদ্যমান সমস্যাদি দূর করা আবশ্যক। এ সব নিয়ে আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনেতিক পরিষদ মিলনায়তনে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

দেশের ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যাদি, পুঁজিবাজারসহ অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনা হবে। বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিদের এতে ডাকা হয়েছে। ব্যবসায়ী শিল্পোদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবি নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুত্ সুবিধা। জ্বালানি সুবিধা অপ্রতুল হওয়ায় উত্পাদনে বিঘ্ন ঘটে এবং পণ্যের মান ধরে রাখা যায় না। যা প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের অবস্থান ধরে রাখতে সহায়ক নয়। অন্যদিকে, উচ্চ সুদের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বের কোথাও এত বেশি হারে সুদ আরোপ করা হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার সিঙ্গেল ডিজিট করার নির্দেশ দিলেও ব্যাংকগুলো এখনো তা বাস্তবায়ন করেনি বরং সুদের হার বেড়ে গেছে। কিছু বড় ঋণগ্রহীতা বিশেষ সুবিধা পেলেও ক্ষুদ্র ও মধ্যসারির উদ্যোক্তাদের উচ্চ সুদ হারের ভার কমেনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যমান পরিস্থিতিতে খেলাপি ঋণ কমিয়ে আনাসহ অন্য সমস্যাগুলো বিবেচনা করা হবে। সেজন্যই আজকের বৈঠক আহ্বান করা হয়েছে।