এবার ক্ষান্ত দিয়ে খালেদা জিয়াকে মুক্তি দিন:রিজভী

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, এক বছর হলো সাবেক প্রধানমন্ত্রীকে কারারুদ্ধ রেখে অত্যাচার করছেন। এবার ক্ষান্ত দিন, অসুস্থ খালেদা জিয়াকে এবার মুক্তি দিন। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

খালেদা জিয়ার জামিন নিয়ে ‘লুকোচুরি’ খেলা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, এক মামলায় জামিন নিলে অন্য মামলায় জামিন বাতিল করা হচ্ছে। হাইকোর্ট জামিন দিলে আপিল বিভাগ আবার জামিন স্থগিত করছে। আপিল বিভাগ জামিন দিলে নিম্ন আদালত আরেকটি মামলায় জামিন আটকে দিচ্ছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার খালেদা জিয়ার চিকিত্সা সেবার সুযোগ দিচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী।

আসন্ন উপজেলা ও সিটি নির্বাচন নিয়েও কথা বলেন রিজভী। তার মতে, আর একটি ভোট ডাকাতির আয়োজন করছে নির্বাচন কমিশন। ‘সংসদ নির্বাচনের মতো সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে’-প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করেন তিনি। সংবাদ সম্মেলনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।