শিশু সূচির লাশ দাফন

হত্যা মামলা দায়ের হলেও চালক এখনো পলাতক

রাজধানীতে রাস্তা পারপারের সময় বাবার চোখের সামনে মাইক্রোবাস চাপায় নিহত ফাইজা তাহসিনা সূচির লাশ দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ফাইজা তাহসিনা সূচির বাবা ফাইজুল ইসলাম বাদি হয়ে গতকাল বুধবার তুরাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়ের হলেও এ ঘটনায় দায়ি কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, তারা দ্রুত ঘাতক চালককে গ্রেফতার করে আইনের আওতায় আনবে।

তুরাগ থানার ওসি নূরুল মোত্তাকিন বলেন, এ ঘটনায় সূচির বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় চালকের বিরুদ্ধে বেপরোয়া ও দ্রুত গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোসহ প্রাণনাশের প্রচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের হয়েছে। মামলায় চালক ফারুক মোল্লা (৪৩)-এর নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে মামলাটি দায়ের হয়েছে।

আসামিদের গ্রেফতারের ব্যাপারে ওসি বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। চালকের ব্যাপারে খোঁজ খবর নিতে মাইক্রোবাসের মালিকের সঙ্গে কথা হয়েছে। আমরা থানা পুলিশের বাইরে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় চালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। ফারুককে গ্রেফতার করতে পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও কাজ করছে। আশা করি দ্রুতই চালককে গ্রেফতার করা সম্ভব হবে।

এদিকে সূচির পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল রাতে পুলিশ সূচির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে। রাতেই তার লাশ উত্তরার ১২ নম্বর সেকশনের কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, উত্তরার ১৮ নম্বর সেকশনে বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি বেপরোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৩-৪১৫৭) সূচিকে হত্যার উদ্দেশে চাপা দেয়। এতে তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।