ভিকারুননিসা নূনে অধ্যক্ষ নিয়োগে বাধা নেই

বেসরকারি স্কুল ও কলেজে অধ্যক্ষ নিয়োগ স্থগিত করে সরকারের নেওয়া সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ পাঁচজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের উপর দেওয়া নিষেধাজ্ঞাও স্থগিত করেছে আদালত।

গত বছরের ২৮ আগস্ট দেশের সকল বেসরকারি স্কুল-কলেজের অধ্যক্ষ নিয়োগের কার্যক্রম স্থগিতের আদেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) গত ৬ জানুয়ারি ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের কার্যকারিতা স্থগিত রাখতে চিঠি দেয়। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত ২০ জানুয়ারি রিট করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটের শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।