মুজিববর্ষ উপলক্ষে স্টকহোমে ‘বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস’ শীর্ষক ওয়েবিনার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে স্টকহোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত শুক্রবার দূতাবাসের পক্ষ থেকে ওয়েবিনারটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতিক এবং বিশেষ বক্তা ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সেলের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দীন মাহমুদ। সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ অনলাইনে এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিগণ দূতাবাস প্রাঙ্গণ থেকে যোগদান করেন।

ওয়েবিনারের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। মূলবক্তা বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্ণেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতিক ‘বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন ক্ষত-বিক্ষত অবস্থা থেকে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন তখনই ঘটানো হয় ইতিহাসের নির্মম এ ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

বিশেষ বক্তা ডি. এম. সালাহ উদ্দীন মাহমুদ তার বক্তব্যে বঙ্গবন্ধুর বাংলার মানুষের জন্য আত্মত্যাগ, তার মানবিক গুণাবলি এবং রাজনৈতিক বিচক্ষণতার বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। শোক প্রকাশের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে ধারণ করে সবাইকে যার যার জায়গায় থেকে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। 

এরপর অনলাইনে উপস্থিত সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।

রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি বলেন, বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব, তার চেতনা অবিনশ্বর। জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে সুখী-সমৃদ্ধ দেশ গঠনে আত্মনিয়োগে রাষ্ট্রদূত সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচডি