সেলুনে চার শতাধিক গল্পের বই

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা

বটিয়াঘাটায় মিলন শীলের সেলুনে তিনি- চার শতাধিক গল্পের বই রেখেছেন। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম চন্দ্র, শীর্ষেন্দু মুখোপাধ্যায়সহ বিভিন্ন লেখকের লেখা বহু বই তার সেলুনের ছোট্ট আলমারিতে শোভা পাচ্ছে। সেলুনে চুল কাটাতে এসে সিরিয়াল না পেলে বেঞ্চে বসে অনেকেই বই পড়েন। কেউ বা পড়তে নিয়ে যান। কাজীবাছা নদীর তীরে সরকারি জায়গায় মিলন শীলের সেলুন। ছোটবেলা থেকেই তার বই পড়ার শখ। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ুয়া মিলন তার বাবার মৃত্যুর পর সেলুনের কাজ শুরু করেন। এখন তার বয়স চল্লিশ বছর। প্রথমে বই চেয়ে এবং ক্রয় করে পড়ত। এভাবে তার সেলুনে শতাধিক বই জমে। তার আগ্রহ দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বেশকিছু গল্পের বই দেন। পাশাপাশি আরও অনেকেই এগিয়ে আসায় মিলনের সেলুনে এখন ৪১২ খানা বই।