আমার অনুমতি না নিয়ে কেন জন্ম দেওয়া হয়েছে আমায়? এই প্রশ্ন তুলে নিজের অভিভাবকদের বিরুদ্ধে মামলা করেছেন ভারতের মুম্বাইয়ের ২৭ বছর বয়সী এক যুবক। রাফায়েল স্যামুয়েল নামে ওই যুবকের মামলার বিষয়টি প্রকাশ্যে আসার পরই হইচই পড়ে গেছে বিশ্বমিডিয়ায়। বিবিসি, এনডিটিভি।
নিজেকে সন্তান-বিরোধী বলে দাবি করা রাফায়েল বিবিসিকে বলেন, ‘এটা নীতিগতভাবে অত্যন্ত ভুল একটি ব্যাপার। কারণ, একজনকে জন্ম দেয়া মানে তাকে সারাজীবন কষ্টভোগের দিকে ঠেলে দেয়া। আর এই পৃথিবীর ভার আরও একটু বাড়ানো।’
তার মতে, মানুষের জীবনে এমনিতেই এত প্রবল চাপ, তার ওপর নতুন করে সন্তান নিয়ে সেই চাপ অযথা ফের বাড়িয়ে তোলার কোনও কারণ নেই।
ফেসবুক পোস্টে রাফায়েল স্যামুয়েল লিখেছেন, তিনি তাঁর অভিভাবকদের খুব ভালোবাসেন। কিন্তু, তাঁরা তাঁকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন নিজেদের ‘মজা ও সুখ’ লাভ করতে গিয়ে! যদিও, ওই পোস্টটি এখন মুছে ফেলা হয়েছে। কিন্তু এই ধরনের আরও পোস্টে ভর্তি তাঁর ফেসবুক টাইমলাইনটি।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রাফায়েল স্যামুয়েল বলেন, এই পৃথিবীতে সন্তানের জন্ম দেওয়ার চেয়ে বড় স্বার্থপরতা আর কিছুই নেই। যে কাউকে জিজ্ঞাসা করুন, কেন তাঁরা সন্তানের জন্ম দিলেন, প্রথম যে উত্তরটা পাবেন, তা হল, ‘আমি বা আমরা চেয়েছিলাম'।
আরও পড়ুনঃ ২৪৪টি পর্ন সাইট বন্ধ করেছি, অভিযান চলবে: মোস্তাফা জব্বার
সামুয়েল বলেন, ‘ আমাদের লক্ষ্যই হল মানুষকে বোঝানো যে, এই পৃথিবীতে মানুষের জীবনে এমনিতেই বহু সমস্যা। তাই, সন্তান আনা বন্ধ করুন।’
তাঁর ফেসবুক পেজটির নাম- নিহিলানন্দ। তাঁর এই কাজের জন্য তাঁকে সোশ্যাল মিডিয়ায় বহু সমালোচনা ও ট্রোলের মুখে পড়তে হয়েছে ইতিমধ্যেই। তা সত্ত্বেও, তিনি নিজের লক্ষ্যে অবিচল।
ইত্তেফাক/টিএস