নিজ খরচে শিক্ষার আলো ছড়ান তাহেরুল মাস্টার

পাবনা প্রতিনিধি

পাবনার তাহেরুল ইসলাম মাস্টার ঝরে পড়া দরিদ্র শিশুদের পড়াতে ব্যতিক্রমী পাঠশালা গড়েছেন। তিনি হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের বাড়ি থেকে এনে বিনামূল্যে পাঠদান করেন তার এই পাঠশালায়। তারপর ভর্তি করে দেন স্কুলে। পাঠশালার কার্যক্রম বাইরের কোনো অনুদান ছাড়া তার নিজ পেনশনের টাকা থেকেই চলে। আট বছর আগে মাত্র পাঁচজন শিক্ষার্থীকে নিয়ে পাঠশালাটি শুরু করেছিলেন তাহেরুল। এখন তার পাঠশালায় শিক্ষার্থীর  সংখ্যা পঞ্চাশের কাছে। তাহেরুল ইসলাম বললেন, দীর্ঘ চাকরি জীবনে দেখেছেন কত সম্ভাবনাময় কচি শিক্ষার্থী অর্থাভাবে, সচেতনতার অভাবে ঝরে পড়েছে। সে সময় থেকেই তার ইচ্ছা এদের জন্য কিছু করার। তাই অবসরের পর এ পাঠশালা তৈরি করেছেন।