দিনাজপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী

দিনাজপুর অফিস

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলায় ইমদাদ হোসেনকে চেয়ারম্যান, কিশোর কুমার রায়কে ভাইস চেয়ারম্যান ও জেসমিন আরা জ্যোত্স্নাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বাছাই সম্পন্ন করেছে তৃণমুল আওয়ামী লীগ।

গত বুধবার শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোটে ব্যালটের মাধ্যমে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনীত করেন। বর্তমান ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জ্যোত্স্নাকে পুনরায় দলীয় মনোনয়নের জন্য ব্যালটের মাধ্যমে বাছাই করেন তৃণমুল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সকাল ১১টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ভোটাভুটি শেষে ফলাফল ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. বজলুল হক, সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ বাবলু, উপ দপ্তর সম্পাদক কাজী তাজ উল সামস প্রিন্স, শহর আওয়ামী সহ সভাপতি শাহ ইয়াজদান মার্শাল, দেবাশীষ ভট্টাচার্য, রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজুসহ শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী। এর আগে গত ৩০ জানুয়ারী মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থীগণ সর্বসম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নের জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উথরাইল ইউপি চেয়ারম্যান ইমদাদ সরকার কে নির্বাচিত করেন।

দুইপদে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দলীয় সিদ্ধান্তের আলোকে উক্ত ভোটাভুটির মাধ্যমে একক প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নেয় বলে বলে প্রতিবেদককে জানান কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত্ ঘোষ কাঞ্চন।