নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূর লাশ রেখে স্বজনেরা পলায়ন করেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরকান্দা উপজেলার আটকাহনিয়া গ্রামের এলাহী শেখের স্ত্রী ফারজানা বেগম (২৫) কে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় চিকিত্সক ফারজানাকে মৃত ঘোষণা করলে স্বজনেরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। ফারজানার স্বামী এলাহী শেখ পলাতক থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
নগরকান্দা হাসপাতালের চিকিত্সক ফরহাদ হোসেন বলেন, রোগীর স্বজনেরা জানিয়েছেন, ফারজানা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। আমি পরীক্ষা করে রোগীকে মৃত ঘোষণা করলে স্বজনেরা পালিয়ে যায়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।