বিবিসি
ভিয়েতনামে বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমেরিকার। যদিও সে যুদ্ধ শেষ হয়েছে ৪৪ বছর আগে। তারপর কিম জং ইনের সঙ্গে বৈঠকের জন্য ভিয়েতনামকে কেন নিরপেক্ষ ভেন্যু হিসেবে নিলেন ডোনাল্ড ট্রাম্প। ১৯৬৫ সালের মার্চে ভিয়েতনাম যুদ্ধে অংশ নিতে দেশটির দক্ষিণাঞ্চলের দানাং শহরে নেমেছিল মার্কিন সৈন্যদল। আর এর ৫৪ বছরের মাথায় সেই একই শহরে বৈঠকে বসতে যাচ্ছে ভিয়েতনামের সাবেক শত্রু আমেরিকা আর আমেরিকার সঙ্গে যুদ্ধের সময়কার মিত্র উত্তর কোরিয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের এর সঙ্গে তার বৈঠক হবে ভিয়েতনামে আগামী ২৮শে ফেব্রুয়ারি। এই ভেন্যু হতে পারে দানাং বা হ্যানয়। কমিউনিস্টরা শাসন করলেও ভিয়েতনাম কার্যত পুঁজিবাদী অর্থনীতি। আর দেশটি এখন একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মিত্র। দু’পক্ষের চাহিদা পূরণে নিরপেক্ষ হোস্ট হিসেবেই দেশটিকে বিবেচনা করা হচ্ছে বলে বলছেন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির ভিয়েতনাম বিশেষজ্ঞ কার্ল থ্যায়ার। “প্রথম বিষয় হলো শীর্ষ বৈঠকের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা আছে দেশটির। আর দু পক্ষই মনে করছে দেশটি নিরপেক্ষ”।