ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে দিল্লীর লেফটেন্যান্ট গভর্ণর শ্রী অনিল বাইজাল-এর সঙ্গে তাঁর সরকারি বাসভবন ‘রাজনিবাস’-এ এক সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। দিল্লীর লে. গভর্ণর কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
সাক্ষাতকালে হাই কমিশনার মোহাম্মদ ইমরান শ্রী বাইজালকে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়ন ও সাফল্য সম্বন্ধে অবহিত করেন। তিনি মুজিব বর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দুই বন্ধু দেশ কর্তৃক গৃহীত বিভিন্ন আয়োজন সম্বন্ধে অবহিত করেন। এসময় তাঁরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
শ্রী বাইজাল ১৯৭১ সালে একজন নবীন আইএএস কর্মকর্তা হিসেবে আসামের গোয়ালপাড়া ও তুরা অঞ্চলে দায়িত্ব পালনকালে বাংলাদেশ শরণার্থী শিবিরে তাঁর অভিজ্ঞতার বিবরণ দেন ও বর্তমানে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য যে, শ্রী বাইজাল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ-আসাম সীমান্তে অবস্থিত শরণার্থী শিবিরে দায়িত্ব পালন ছাড়াও মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সাথে কাজ করেছেন। পরবর্তীতে তিনি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
হাই কমিশনার শ্রী বাইজালকে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” হিন্দি সংস্করণের একটি কপি উপহার দেন ও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। তাঁরা উভয়ে আশা প্রকাশ করেন যে, কোভিড মোকাবেলায় দুই দেশ তাদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখবে ও আগামী দিনগুলোতে দ্বি-পাক্ষিক সম্পর্ক গভীরতর হবে।
সাক্ষাতকালে নয়া দিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (রাজনৈতিক) মো: নুরল ইসলাম ও ভারত সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসজেড