ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারের সবকয়টি মূল্য সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এমন চিত্র দেখা গেছে।
গতকালের বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইসিতে মূল্য সূচক ও লেনদেনের পাশাপাশি বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। গতকাল লেনদেনে অংশ নেওয়া ১৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম বেড়েছে ১৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১১ পয়েন্টে দাঁড়ায়। অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭২ কোটি ৯৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৬৬ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৬ কোটি ১৩ লাখ টাকা।
টাকার অঙ্কে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ৭৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লিগাসি ফুটওয়্যার। লেনদেনে এরপর রয়েছে- বার্জার পেইন্ট, সোনার বাংলা ইন্সুরেন্স, সুহূদ ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, প্রভাতী ইন্স্যুরন্স, ব্র্যাক ব্যাংক এবং ফরচুন সুজ।
এ দিকে, গতকাল সিএসইর সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৮টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩৩টির।