ইত্তেফাক রিপোর্ট
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো গ্রাহকের কাছ থেকে ভ্যাট আদায় করলেও তা সরকারি কোষাগারে জমা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলো প্রতিদিন লাখ লাখ টাকা বিক্রি করলেও এর বিপরীতে আদায়কৃত ভ্যাট যথাযথভাবে সরকারের কোষাগারে জমা হচ্ছে না। অন্যদিকে ক্রেতাদের ভ্যাট চালানও দেয়নি। মাসব্যাপী বাণিজ্য মেলা আগামীকাল শনিবার শেষ হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ভ্যাট অফিসের কর্মকর্তারা মেলায় একাধিকবার হানা দিয়েছেন। তাতে বেশকিছু ফাঁকির সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট অফিসের কর্মকর্তারা মেলায় অভিযান চালিয়ে ২৫টি প্রতিষ্ঠানকে ভ্যাট ফাঁকির অভিযোগে জরিমানা করেছেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলাও করা হয়েছে। এর মধ্যে হস্তশিল্প প্রতিষ্ঠান, ফাস্টফুড ছাড়াও বিভিন্ন খাবারের দোকান রয়েছে।
ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট অফিস সূত্র জানিয়েছে, গত বছরের বাণিজ্য মেলা থেকে ভ্যাট বাবদ আদায় হয়েছিল ৫ কোটি টাকা। এবার ইতোমধ্যে ৩ কোটি ৬৫ লাখ টাকা আদায় হয়েছে। তবে কর্মকর্তারা আশা করছেন, মেলা শেষ হওয়া পর্যন্ত এবার ৬ কোটি টাকার ভ্যাট আদায় হতে পারে।