কুমিল্লা-ঢাকা ফাইনাল আজ

অলরাউন্ডারদের ফাইনাল আজ!

বিশ্বের সেরা অলরাউন্ডারদের নাম করতে গেলে তাদের নাম চলে আসবে—সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও কাইরন পোলার্ড। সঙ্গে শুভাগত হোমও অবদান রাখছেন ব্যাটে ও বলে।

এই অলরাউন্ডারদের কারণে দলে বাড়তি ব্যাটসম্যান ও বোলার নিয়ে খেলতে পারছে ঢাকা ডায়নামাইটস। ফলে দলটা হয়ে উঠেছে অন্যরকম শক্তিশালী। অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলেও আছেন থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি ও সাইফউদ্দিন; তিন স্বীকৃত অলরাউন্ডার। আজ ফাইনালটা তাই অলরাউন্ডারদের একটা বিশেষ লড়াই হতে পারে। অন্তত তেমনই মনে করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে ঢাকার পেস বোলার রুবেল হোসেন বলছেন, পারফরম্যান্স যার কাছ থেকেই আসুক, তারা জয় চান।

কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বলছেন, এই অলরাউন্ডাররা ঢাকাকে এগিয়ে দেবে, এটা সত্যি। কিন্তু এদের উপস্থিতিতেই তারা ঢাকাকে দুই বার হারিয়েছেন। ফলে শঙ্কার কিছু দেখছেন না তিনি, ‘আমরা তাদের বিপক্ষে দুইটি ম্যাচ খেলেছি। আর এই দুই ম্যাচে কিন্তু চারটি অলরাউন্ডারই খেলিয়েছিল তারা। আমাদের কাছে এই দুই ম্যাচেই হেরেছে তারা। সুতরাং আমরা অতিরিক্ত কোনো পরিকল্পনা বা চিন্তা করছি না। মাঠে গেলে পরিস্থিতি কি হয়, সেই পরিস্থিতিই বলে দেয় যে মানুষ কিভাবে ফেস করতে হবে বা হ্যান্ডেল করতে হবে। আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে।’

ইমরুল বলছেন, দুই দলেই অলরাউন্ডারদের এই উপস্থিতি ম্যাচটাকে একটা ভিন্ন মাত্রা দিতে পারে, ‘অলরাউন্ডার যখন দলে বেশি থাকবে তখন স্ট্রেন্থও অনেক বেশি থাকবে। কারণ আপনি অলরাউন্ডারদেরকে বেশি ব্যবহার করতে পারবেন। অপশনটি অনেক বেশি হয়ে যাবে। হ্যা, সাইফুদ্দিন, আফ্রিদি, পেরেরা তিন জন অলরাউন্ডার আছে কুমিল্লাতে। আপনারা জানেন যে সাইফুদ্দিন শুরু থেকেই ভালো পারফর্ম করছে। আমার কাছে মনে হয় অলরাউন্ডারদের পারফর্মেন্সটি অনেক গুরুত্বপূর্ণ।’

কুমিল্লার কোচ সালাউদ্দিন মনে করেন, অলরাউন্ডারদের কারণে ঢাকা একটু হলেও এগিয়ে থাকবে, ‘আমি মনে করি যে আসলে এখানে অলরাউন্ডারদের একটা বড় ভূমিকা থাকবে কারণ টিম সাজাতে বা ব্যালেন্স আনতে অলরাউন্ডারদের ভূমিকা সবসময়ই বেশি। ঢাকা টিমের এই অ্যাডভানটেজটা আছে কারণ তাদের তিন-চারজন অলরাউন্ডার আছে, তারা যদি খেলে তারা বাড়তি ২-৩ জন প্লেয়ার খেলাতে পারে। আমাদের ভালো অলরাউন্ডার আছে, তারপরও বলব ঢাকা এই দিক থেকে অনেক এগিয়ে আছে। কিন্তু আমি আমার স্ট্রেন্থের কথা বলব, হয়ত পুরো টুর্নামেন্টে ইনডিভিজ্যুয়াল পারফরম্যান্স খুব নজর কাড়েনি কিন্তু দলীয় সমন্বয় খুব ভালো ছিল এবং সঠিক জায়গায় সঠিক খেলোয়াড় আছে, যেটি খুব বেশি জরুরি।’

ঢাকার ফাস্ট বোলার রুবেল অবশ্য এখনই বলছেন না যে, তারা এগিয়ে আছেন বা তারা চ্যাম্পিয়ন হয়ে যাবেন। তিনি মনে করেন, আজ যারা ভালো করবে, জয়টা তাদেরই আসবে, ‘সেটা তো আসলে বলা যাচ্ছে না। কারণ কুমিল্লা দলটাও খুব শক্ত দল। ওদের ব্যাটিং লাইনও খুব বড়। ওদের দলে ভালো ভালো বড় বড় অনেক ক্রিকেটার আছে। আমাদের জন্য পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে, এই ম্যাচটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। যারা মাঠে তাদের সেরাটা দিতে পারবে তারাই ম্যাচ জিতবে।’