অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ডেভিড সাকের হঠাত্ করে পদত্যাগ করায় একটা শূন্যতা তৈরি হয়েছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এই পদে এখনই কোনো স্থায়ী নিয়োগ দিতে চায় না। তারা বরং অস্ট্রেলিয়া দলের সাথে এখন সাবেক গ্রেট ক্রিকেটারদের উপদেষ্টা হিসেবে খণ্ডকালীন নিয়োগ দেওয়ার কথা ভাবছে। এই ভাবনার তালিকায় আছেন রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, গ্লেন ম্যাকগ্রা ও সাইমন ক্যাটিচ। এদেরকে জাতীয় দলের সাথে কাজে লাগানোর পরিকল্পনাটা প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তিনি বলেছেন, যেহেতু এইসব সাবেক ক্রিকেটার এখন খুব বড় বেতনে উপদেষ্টা বা ধারাভাষ্যকার হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করছেন, তাই এদের কাউকে স্থায়ী নিয়োগ দেওয়া কঠিন হবে। তাই খণ্ডকালীন নিয়োগের কথা ভাবা হচ্ছে। রিকি পন্টিং এর আগে এরকম কাজ করেছেন টি-টোয়েন্টি দলের সাথে।