মাতারবাড়ি-মদুনাঘাট বিদ্যুত্ লাইন নির্মাণে ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি

ইত্তেফাক রিপোর্ট

কক্সবাজারের মাতারবাড়ি হতে চট্টগ্রামের মদুনাঘাট পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুত্ লাইন নির্মাণ করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। মাতারবাড়িতে নির্মাণাধীন বিদ্যুত্ কেন্দ্র হতে বিদ্যুত্ সঞ্চালনের লক্ষ্যে এ লাইন নির্মাণ করা হচ্ছে। লাইনটি চালু হলে মাতারবাড়ি হতে মদুনাঘাট হয়ে দেশের অন্যান্য প্রান্তে বিদ্যুত্ সঞ্চালন করা সহজ হবে। লাইন নির্মাণের জন্য গতকাল বৃহস্পতিবার পিজিসিবির প্রধান কার্যালয়ে ভারতীয় প্রতিষ্ঠান কেইসি ইন্টারন্যাশনালের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি সই করেছে পিজিসিবি।

মাতারবাড়ি হতে মদুনাঘাট পর্যন্ত ৯২ কিলোমিটার দীর্ঘ এ সঞ্চালন লাইন নির্মাণে ব্যয় হবে প্রায় ৭৯৫ কোটি টাকা। উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সর্বনিম্ন দর দাখিল করে কাজটি পেয়েছে কেইসি। পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. আশরাফ হোসেন এবং কেইসির পক্ষে কান্ট্রি হেড ও মহাব্যবস্থাপক কুলদ্বীপ কুমার সিনহা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়, আগামী ৩০ মাসের মধ্যে টার্নকি পদ্ধতিতে কাজটি শেষ করে পিজিসিবির কাছে হস্তান্তর করবে কেইসি।

অনুষ্ঠানে পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক মোহাম্মদ সাফায়েত হোসেন, মোঃ ইয়াকুব ইলাহী চৌধুরী, খোন্দকার মোঃ আবদুল হাই, প্রকল্প পরিচালক মোরশেদ আলম খান, কেইসির ম্যানেজার আশীষ কেদিয়া এবং দীপক যাদব উপস্থিত ছিলেন।