ফেনী প্রতিনিধি
ফেনীতে ১৯ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা থেকে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয়। মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে সেটি জব্দ করে। পরে গাড়ির মধ্যে লুকানো অবস্থায় ১৯ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। এসময় আটক করা হয় ভোলা জেলার লাল মোহন উপজেলার লর্ডহাঞ্জি গ্রামের মো. সামছুল হকের ছেলে মো. জিয়াউর রহমান (৩৫), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রৌশনপুর গ্রামের লাল মিয়ার ছেলে মো. আনারুল (৩২) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কেওডালা গ্রামের হাসান আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯৮ লাখ ১৫ হাজার টাকা। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি, উদ্ধারকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
ডাকসু নির্বাচন