কোটালীপাড়ায় ক্লিনিক মালিকের দণ্ড

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়ার ভাঙ্গারহাটে ডাক্তার ও নার্স না থাকার অপরাধে শান্তিলতা ক্লিনিক এ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারের মালিক দেশবন্ধু বিশ্বাসকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান এ দণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমান জানান, গত ৯ নভেম্বর উপজেলার পিড়ারবাড়ী গ্রামের বিধান হালদার তার গর্ভবতী স্ত্রী বিথী হালদারকে শান্তিলতা ক্লিনিক এ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি করেন। এ সময় ওই ক্লিনিকের মালিক বিথী হালদারের সিজারিয়ান অপারেশন করেন। এরপর থেকে বিথী হালদার মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিত্সাধীন রয়েছেন। এ ব্যাপারে বিধান হালদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।