ভোটের কয়েকদিন পরে ঢাকা স্টেডিয়ামের পূর্বদিকের গেট দিয়ে ঢুকছি মোটরসাইকেল চালিয়ে। সামনে এসে দাঁড়াল ষণ্ডা প্রকৃতির কয়েকজন যুবক। বলল, ১০ টাকা দেন। জিজ্ঞেস করলাম, কেন ১০ টাকা দেব? তারা জানাল ভোটের পরদিন থেকে নতুন নিয়ম চালু হয়েছে। মোটরসাইকেলসহ যে কোনো ধরনের যান ঢাকা স্টেডিয়াম চত্বরে প্রবেশ করলেই পার্কিং করুন বা না করুন পার্কিং চার্জ দিতে হবে। ঢাকা শহরে বহু বছর মোটরসাইকেল চালাচ্ছি। এই পরিস্থিতিতে কখনো পড়িনি। এমনকি বুড়িগঙ্গা ১ম ও ২য় সেতুতেও মোটরসাইকেলের জন্য কোনো টাকা দিতে হয় না। যানজট এড়িয়ে সময় বাঁচাতে আমরা মোটরসাইকেল আরোহীরা স্টেডিয়াম চত্বর ব্যবহার করি। তাই পার্কিং না করেও পার্কিং চার্জ আমাদের জন্য বোঝাস্বরূপ। বাংলাদেশ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন এই যে, জাতীয় স্টেডিয়াম চত্বরে মোটরসাইকেলের প্রবেশ ও পার্কিং চার্জমুক্ত করেন।
মো. রশিদ আনসারী
রেলওয়ে কলোনি, মতিঝিল, ঢাকা