বরিশালের বাকেরগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে ভণ্ড ফকির ইউনুছ হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে বরিশালের নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ গতকাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
জানা গেছে, চিকিত্সার নামে ওই কিশোরীর বাসায় গিয়ে ওষুধ দিয়ে আসতো ইউনুস। ২০১০ সালের ৩০ জুলাই রাতে ইউনুছ কিশোরীর বাড়িতে গিয়ে ওষুধ দেয়। ওষুধ খেয়ে কিশোরী অজ্ঞানের মতো হয়ে পড়লে ইউনুছ তাকে ধর্ষণ করে। এরপর প্রায়ই কিশোরীকে ধর্ষণ করত ইউনুস। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিশোরী বিষয়টি অভিভাবকদের জানালে তারা স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় ওই কিশোরী ফকির ইউনুছ ও তার স্ত্রী আলেয়া বেগমকে অভিযুক্ত করে মামলা করে। একই বছর ২ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির আসামি ইউনুছ হাওলাদারকে অভিযুক্ত ও আলেয়া বেগমকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করে।