বাংলাদেশের পরিস্থিতিও ভেনিজুয়েলার মতো হতে পারে :মেনন

ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ভেনেজুয়েলায় যেভাবে নির্বাচিত সরকারকে উত্খাতের ষড়যন্ত্র হচ্ছে, তা বাংলাদেশেও হতে পারে। বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি নানা ষড়যন্ত্র করছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কার কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন শান্তি পরিষদের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু। পরে ভেনিজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ১৪ দলের শরিক নেতা রাশেদ খান মেনন বলেন, বিএনপি অভিযোগ করেছে রাতে আঁধারে ব্যালট বাক্স ভরে ফেলা হয়েছে। কিন্তু একটি প্রমাণও তারা দিতে পারেনি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই যে অজুহাত বিএনপি করছে, আমাদের মনে রাখতে হবে, এই বাংলাদেশটাও ভেনিজুয়েলা হয়ে যেতে পারে।