দেশের পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ১২৯ উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি; বাছাই করা হবে ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ হবে আগামী ১৮ মার্চ।
গতকাল বৃহস্পতিবার বিকালে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন। এর আগে প্রথম ধাপে ৮৭ উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছিল; যার ভোট হবে ১০ মার্চ। দেশের ৪৯০টি উপজেলায় পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের কথা আগেই জানিয়েছে ইসি।
আইনানুযায়ী উপজেলা পরিষদের তিনটি পদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হওয়ারও সুযোগ থাকছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী এবার প্রত্যেকটি জেলার সদর উপজেলার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে আইন সংশোধনের প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় প্রথম ধাপের ৮৭ উপজেলার কোথাও ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন ইসি সচিব।
দ্বিতীয় ধাপের উপজেলাগুলোর মধ্যে রয়েছে—ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, হরিপুর, বালিয়াডাঙ্গা, রাণীশংকৈল। রংপুর জেলার গংগাচড়া, তারাগঞ্জ, পীরগাছা, বদরগঞ্জ, কাউনিয়া, পীরগঞ্জ। গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও পলাশবাড়ী। দিনাজপুর জেলার দিনাজপুর সদর, কাহারোল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর, বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরল, পার্বতীপুর, খানসামা ও ঘোড়াঘাট।
বগুড়া জেলার বগুড়া সদর, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, আদমদীঘি, দুপচাঁচিয়া, ধুনট, শাজাহানপুর, শেরপুর, শিবগঞ্জ, কাহালু, গাবতলী ও সোনাতলা।
নওগাঁ জেলার নওগাঁ সদর, আত্রাই, নিয়ামতপুর, সাপাহার, পোরশা, ধামইরহাট, বদলগাছী, রাণীনগর, মহাদেবপুর, পত্নীতলা ও মান্দা। পাবনা জেলার পাবনা সদর, আটঘরিয়া, বেড়া, ভাংগুড়া, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী, সাঁথিয়া ও সুজানগর। সিলেট জেলার সিলেট সদর, বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার। মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর, বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল। গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর, টুংগীপাড়া, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর। ফরিদপুর জেলার ফরিদপুর সদর, বোয়ালমারী, চরভদ্রাসন, সদরপুর, সালথা, আলফাডাঙ্গা, মধুখালী, নগরকান্দা ও ভাংগা। নোয়াখালী জেলার হাতিয়া, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মীরসরাই, রাউজান ও হাটহাজারী। রাঙ্গামাটি জেলার রাঙ্গামাটি সদর, লংগদু, নানিয়ারচর, কাপ্তাই, জুরাছড়ি, বাঘাইছড়ি, কাউখালী, বরকল, রাজস্থলী ও বিলাইছড়ি। বান্দরবান জেলার বান্দরবান সদর, রোয়াংছড়ি, আলীকদম, থানচি, লামা, রুমা ও নাইক্ষ্যংছড়ি। খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, দীঘিনালা, মহালছড়ি, পানছড়ি, মাটিরাঙ্গা, রামগড় ও কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা।
সর্বশেষ ২০১৪ সালের মার্চ-মে মাসে ছয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আইনে মেয়াদ শেষের আগের ১৮০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চালু হওয়ার পর ১৯৯০ ও ২০০৯ সালে একদিনেই ভোট হয়েছিল।