মিরসরাইয়ে নৌকা ধানের শীষে পিতা-পুত্রের মনোনয়ন যুদ্ধ

মিরসরাই ( চট্টগ্রাম) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাইয়ে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দল মিলিয়ে অন্তত দুই ডজন মনোনয়ন প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্য যে কোনো জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ তালিকা এবারই প্রথম। তবে সবকিছু ছাপিয়ে মিরসরাইয়ে ধানের শীষ প্রতীকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি লায়ন মনিরুল ইসলাম ইউসুফ এবং আওয়ামী লীগ থেকে দলের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি বেশ আলোচিত হচ্ছে। পিতা মনিরুল ইসলাম ইউসুফ বিএনপি এবং ছেলে নিয়াজ মোর্শেদ এলিট আওয়ামী লীগের প্রার্থী। সম্পর্কে বাবা ছেলে হলেও ভোটের মাঠে তারা এখন কঠিন প্রতিপক্ষ। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।

মনিরুল ইসলাম ইউসুফ অটোমোবাইল শিল্প প্রতিষ্ঠান বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান এবং ছেলে নিয়াজ মোর্শেদ এলিট একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তবে এলিট চট্টগ্রাম বন্দরে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত।