ভেজাল প্যারাসিটামল

নিম্ন আদালতে মামলা নিষ্পত্তি হতে লাগল ২৬ বছর

নিম্ন আদালতে ভেজাল প্যারাসিটামল তৈরির অভিযোগে দায়ের হওয়া এক মামলা নিষ্পত্তি হতে লাগল ২৬ বছর। ওই মামলায় সে সময়কার ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান পলিক্যাম ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালক আব্দুর রবকে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা দিতে না পারলে তাকে আরও তিন মাস জেলে থাকতে হবে। দণ্ডের পর জামিন চাইলে আপিল করার শর্তে আদালত তার জামিন মঞ্জুর করে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ওষুধ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এই রায় দেন। রায়ে খালাস দেওয়া হয়েছে ওই ল্যাবরেটরিজের ব্যবস্থাপক এ এম গোলাম কাদের এবং ফার্মাসিস্ট মো. মাহবুবুল আলম ও দেলোয়ার হোসেনকে।

মামলার নথি থেকে জানা যায়, প্যারাসিটামল সিরাপে বিষাক্ত উপাদান থাকায় ১৯৮৯ থেকে ১৯৯২ সালের মধ্যে বহু শিশু কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়। বিষয়টি উদঘাটিত হওয়ার পর পলিক্যাম ল্যাবরেটরিজসহ পাঁচ কোম্পানির তৈরি প্যারাসিটামল সিরাপে ক্ষতিকর ডাই-ইথিলিন গ্লাইকলের উপস্থিতি ধরা পড়ে। ওষুধ প্রশাসন অধিদপ্তর ১৯৯৩ সালের জানুয়ারিতে পলিক্যামের পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে। কিন্তু আসামিদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরে স্থগিতাদেশ প্রত্যাহার হলে নিম্ন আদালতে এ মামলার বিচার শুরু হয়।