ইজতেমার নামে কাদিয়ানীদের আস্ফাালন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই মাসের শেষের দিকে পঞ্চগড়ে কাদিয়ানীরা ইজতেমা করার যে দুঃসাহস করেছে, তা অচিরেই বন্ধ করতে হবে। নইলে খতমে নবুওত আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ কাদিয়ানীদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। লক্ষ কোটি তৌহিদী জনতার ঈমানী চেতনায় যে কোন প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র নস্যাত্ হয়ে যাবে।
বিবৃতিতে আল্লামা শফী আরো বলেন, কাদিয়ানীরা ইসলাম ধর্মের বিরুদ্ধে প্রকাশ্য প্রোপাগান্ডায় লিপ্ত। তারা আহমদীয়া মুসলিম জামাত নাম ধারণ করে সরলমনা মুসলমানদের ধোঁকা দিয়ে ঈমানহারা করে চলেছে। তাদের এই জঘন্য ষড়যন্ত্র শীঘ্রই বন্ধ করতে হবে। তিনি বলেন, কাদিয়ানী ইজম এর উত্স পাকিস্তানে। ১৯৭৪ সালে দেশটির জাতীয় পরিষদ সংবিধান সংশোধনীর মাধ্যমে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদের ‘অমুসলিম সংখ্যালঘু’ ঘোষণা করেছে। বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও তাদের অমুসলিম ঘোষণা করার জোর দাবি জানান তিনি।