নিজেকে কোনভাবেই জীবিত প্রমাণ করতে পারেননি তিনি!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রতিবন্ধী (বিশেষ ক্ষমতাসম্পন্ন) বিল্পব আজাদ বেঁচে থেকেও আজকে মৃত! জানা যায়, ২০১৮ সালে ভোটার তালিকা হালনাগাদে বিল্পব আজাদকে মৃত হিসাবে উল্লেখ করা হয়। কাগজে কলমে মৃত হওয়ার কারণে গত ২০১৯ সালের উপজেলা নির্বাচনে ভোটও দিতে পারেননি তিনি। 

এছাড়া প্রতিবন্ধী হয়েও কর্তৃপক্ষের ভুলের কারণে প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সকল সুবিধা থেকে তিনি বঞ্চিত হচ্ছেন। এমনকি এই ভুলের কারণে বিল্পব আজাদ করোনা ভাইরাসের টিকা পর্যন্ত নিতে পারছেন না। তিনি প্রায় ২ বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরে ঘোরাঘুরি করেও নিজেকে জীবিত প্রমাণ করতে পারেননি। বর্তমানে বিল্পব আজাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় মুদিব্যবসা করছেন।


 
বিল্পব আজাদ আক্ষেপ করে জানান, আজকে ২ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণ করার জন্য ঘুরছি। উপজেলা নির্বাচন অফিসার আমাকে আশ্বাস দিলেও এখন পর্যন্ত আমি জীবিত হতে পারলাম না! জানিনা আর কখনও জীবিত হতে পারব কিনা। তিনি আরও জানান, প্রতিবন্ধী পরিচয় পত্র নিয়ে ২০০৬ সাল থেকে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকলেও গত দু’বছর মৃত বলে আমার ভাতা বন্ধ হয়ে গেছে। বাড়ির দলিল পত্র খারিজ করা সহ প্রয়োজনীয় কাজ করতে পারছি না। আমি জীবিত থাকা সত্বেও যারা তাকে মৃত বানিয়েছে তাদের শাস্তি দাবি করেন তিনি।

ইউনিয়ন পরিষদে জন্ম/মৃত্যু রেজিষ্টার থাকা সত্বেও এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি বলেন, বিষয়টি আমার জানা নাই, তবে, সংশ্লিষ্ট ইউপি সদস্য বিষয়টি অবগত থাকতে পারে বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম বলেন, আবেদন করলে ভোটার আইডি ঠিক করে দেওয়া হবে। 

ইত্তেফাক/এসজেড