বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে তিন কারণে। যদি নির্বাচনে না যেতাম তাহলে আপনারাই বলতেন, না গিয়ে ভুল করেছেন। আরেকটি কারণ হলো, নির্বাচনে গেলে আমাদের নেতাকর্মীরা বের হয়ে আসতে পারবে। মানুষের কাছে যেতে পারবে। আরেকটা কারণ ছিল ড. কামাল হোসনের প্রতি অন্ধ বিশ্বাস ছিল। নির্বাচনে এতোটা খারাপ অবস্থা হবে তা ধারণায় ছিল না। নির্বাচনের আগের রাতে পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করে ভোট ডাকাতি হবে তা আমরা চিন্তা করিনি।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক, জগলুল হায়দার আফ্রিক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আজাদ মাহবুব, শাহ আহমেদ বাদল, অলিউর রহমান খান, খোরশেদ মিয়া আলম, মনির হোসেন, সাইদুর রহমান প্রমুখ।