ক্যান্সার সচেতনতায় ভার্চুয়াল সামিট

চিকিৎসা বা মানসিক দিক থেকে ক্যান্সার আমাদের দিকে বাড়িয়ে দেয় দুটো পথ। হয় হার মেনে নাও অথবা লড়াই করো যোদ্ধার মতো। আমাদের প্রত্যেকের অন্তরে লুকিয়ে আছে সেই সুপ্ত যোদ্ধা সত্ত্বা। জো ওয়েসার বলেছেন, “ক্যান্সার জীবনের পুরো গল্প নয় বরং গল্পের একটি অধ্যায় মাত্র।” তবে কথাটি সত্য হলেও বর্তমান বিশ্বে ক্যান্সার এক অন্যতম অনিশ্চিত বিষয়। এ নিয়ে জানার আছে অনেক কিছু, ক্যান্সার নিয়ে মনে লুকিয়ে আছে অসংখ্য প্রশ্ন কিন্তু তার উত্তর দেয়ার নেই কেউ।

ক্যান্সারকে ঘিরে মানুষের অন্ধকারাচ্ছন্নতা দূরীকরণ এবং নীরব ভুক্তভোগীদের জন্য নতুন পথ উন্মোচনের লক্ষ্য সামনে নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার অ্যাওয়ারনেস (বিওয়াইএসিএ)। মাত্র এক বছরের মাথায় তারা নিজেদেরকে একটি স্বনামধন্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করে স্পর্শ করেছে অনন্য মাত্রা।

সংগঠনটি সম্ভাবনাময় পথচলার ধারাবাহিকতায় এবার প্রথম ‘বিওয়াইএসিএ আন্তর্জাতিক ক্যান্সার সামিট’ আয়োজন করেছে। ক্যান্সার সম্পর্কে অবগত করে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এই সামিটের মূল উদ্দেশ্য। বাংলাদেশ ও এর চারপাশের দেশগুলোতে ক্যান্সারের বর্তমান অবস্থা, এর প্রতিবন্ধকতা অতিক্রম করার উপায়, একটি ক্যান্সারমুক্ত পৃথিবী গড়তে করণীয়—ইত্যাদি হবে আলোচনার বিষয়বস্তু।

২২ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় ভার্চুয়ালি এই সামিট অনুষ্ঠিত হবে এবং বিওয়াইএসিএ'র ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন এবং স্তন ক্যান্সার বিষয়ক সামাজিক প্রতিষ্ঠান ‘তাসমিয়া ব্রেস্ট কেয়ার, যুক্তরাজ্য’ এর স্বত্বাধিকারী তাসমিয়া তাহমিদ। আরও থাকবেন পাকিস্তানের শহীদ জুলফিকার আলী ভুট্টো ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি -এর বায়োসায়েন্স সোসাইটির সহকারী নির্বাহী রোহাইব কাদির, ইজিপশিয়ান সিন্ডিকেট অব সায়েন্টিফিক প্রোফেশনস -এর রেডিওথেরাপি বিভাগের মেডিকেল চিকিৎসক দোয়া মোহাম্মদ, ভারতের ক্যান্সার পেশেন্ট এইড অ্যাসোসিয়েশনের বিশেষ নির্দেশক সুস্মিতা মিত্র এবং নেপালের এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের সভাপতি পূজা কনাল।

বিওয়াইএসিএ'র মিডিয়া অ্যান্ড প্রমোশন্স এক্সিকিউটিভ অনুজ সরকার বলেন, সামিটটি সুন্দর ও সফল করতে এবং ক্যান্সার নিয়ে জ্ঞান ও সচেতনতা সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা সকলের অংশগ্রহণ কামনা করছি। আয়োজনে ক্যান্সার সম্পর্কিত যেকোনো প্রশ্ন সরাসরি জিজ্ঞেস করতে পারবেন অংশগ্রহণকারী ও দর্শকরা।

ইত্তেফাক/এসটিএম