সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সদর উপজেলার যমুনা নদীর বাহুকা নামক স্থানে শনিবার সকালে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা (ডিবি) পুলিশ অস্ত্র ও গুলিসহ দুইজন ডাকাতকে গ্রেফতার করেছে। তারা হলো কাজীপুর উপজেলার ছালাল গ্রামের কাওছার আহমেদ এবং সদর উপজেলার বাহুকা গ্রামের শফিকুল ইসলাম।
সিরাজগঞ্জ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সকালে বাহুকা এলাকায় ডাকাতি হবে এমন সংবাদের ভিত্তিতে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে অভিযান চালানো হয়। এ সময় চরের মধ্য থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর দুই ডাকাতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।