৩টি জেলা তালেবান দখলমুক্ত করলো বিরোধী জোট

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের ৩টি জেলা তালেবানের কাছ থেকে দখলমুক্ত করেছে বিরোধীরা। শুক্রবার (২০ আগস্ট) দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ এবং উত্তরাঞ্চলীয় জোট প্রধান আহমাদ মাসুদের নেতৃত্বাধীন বিরোধী জোট পুল-ই-হেসার, দেহ সালাহ ও কাসান (বানু জেলা) নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে ও ভয়েস অব আমেরিকা।

আফগানিস্তানের বৃহত্তম বার্তা সংস্থা খামা প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, গতকাল শুক্রবার জেলা তিনটিতে তালেবানের সঙ্গে বিরোধী যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৪০ জন তালেবান যোদ্ধা নিহত ও আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার আফগান সরকারের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদি এক টুইট বার্তায় বলেন, ‘তালেবানকে প্রতিহত করা আমাদের দায়িত্ব। ইতিমধ্যে পুল-ই-হেসার, দেহ সালাহ ও বানু জেলা দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তিনটি জেলার নিয়ন্ত্রণ বিরোধী জোটের হাতে।’

জানা গেছে, বর্তমানে পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে আছেন বিসমিল্লাহ খান মোহাম্মদি ও সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

আফগানিস্তানে মোট ৩৪টি প্রদেশ রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৮টি প্রদেশ তালেবানের দখলে রয়েছে।

ইত্তেফাক/টিএ