স্টাফ রিপোর্টার, দিনাজপুর
উত্তরের জনপদ দিনাজপুরে বইতে শুরু করেছে শীতল হাওয়া। দিনে হালকা গরম, রাতে হিমালয়ের কুয়াশার শীতল হাওয়া আর ভোর রাতে কুয়াশার হাতছানি। সকালে ঘাসের ডগায় আর ধানের শীষের পাতায় পাতায় জমে থাকা শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শহরের মোড়ে মোড়ে, রাস্তার ধারে শীতের পিঠার দোকান দিয়ে বসেছেন মৌসুমী দোকানিরা।
আবহাওয়া অফিস বলছে, দিনাজপুরে ১৪ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে এসেছে। গত বছর সর্বনিম্ন ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। অনেকে শীতের গরম কাপড় পড়তে শুরু করেছেন।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, হিমালয়ের পাদদেশের জেলা দিনাজপুরে দিনে দিনে শীতের প্রকোপ বাড়বে। চলতি মাসে রাত ও দিন আবহাওয়া পরিবর্তিত হবে এবং মাঝ রাত থেকে ভোর পর্যন্ত মাঝারি কুয়াশা দেখা যাবে।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম জানান, শীত মোকাবিলায় কম্বল ও শীতবস্ত্রের জন্য ডিও পত্র দেওয়া হয়েছে। এছাড়াও প্রশাসন প্রস্তুত রয়েছে। জেলায় সাড়ে ১৫ হাজার পিস কম্বল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। শীত মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গরীব ও অসহায়দের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।