একটি কিনলে চারটি বাড়ি ফ্রি, রয়েছে সুইমিংপুল ও টেনিস কোর্ট!

প্রত্যেকেরই স্বপ্ন থাকে নিজের একটি সুন্দর বাড়ি গড়া। যেখানে চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি, তার মাঝে সুইমিংপুল, সবুজ মাঠ, খেলাধুলার জায়গাসহ আরও নানান কিছু থাকবে। যদি আপনার এমন স্বপ্ন থাকে তাহলে সেটিকে পূরণ করার সুবর্ণ সুযোগ রয়েছে। একটি বাড়ি কিনলে তার সঙ্গে আরও চারটি বাড়ি ফি্রতে পেয়ে যাবেন! অন্যান্য সুযোগ-সুবিধাতো থাকছেই।

যুক্তরাজ্যের গণমাধ্যম মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, ৭৬ একর জমির উপর বাড়িগুলো তৈরি। যে কারোরই এটি পছন্দ হতে বাধ্য। ইংল্যান্ডের ডার্টমুর জাতীয় অরণ্যের কেন্দ্রে অবস্থিত বাড়িগুলো নিকটবর্তী শহর এক্সটার থেকে ১৫ মাইল দূরে।

২০০৫ সালে গ্রিনাওয়েল নামে খ্যাত এই বিশালাকার সম্পত্তি বিক্রি হয়ে যায়। তার আগ পর্যন্ত এটি পশুখামার ছিল। এক বছর লেগে যায় এটির রুপ বদলাতে। ২০০৬ সালের নভেম্বর মাসে কাজ পুরোপুরি শেষ করেন নতুন মালিক।

বর্তমানে সেখানে চারটি কটেজ, একটি সুইমিং পুল, খেলা এবং বিনোদনের আলাদা ব্যবস্থা এবং বিশালাকার স্টুডিও অফিস-আধুনিক মানের যাবতীয় ব্যবস্থা রয়েছে। শোওয়ার ঘর রয়েছে আটটি।

দেওয়াল জুড়ে কাচের জানলা থাকায় প্রাকৃতিক সৌন্দর্য ঘরে বসেই উপভোগ করা যাবে। বাইরে তাকালেই সবুজে মোড়া প্রকৃতি মন ভরিয়ে তুলবে। সবচেয়ে বড় কটেজ কোর্টইয়ার্ডে তিনটি শোওয়ার ঘর, একটি রান্নাঘর ও খাওয়ার ঘরও রয়েছে।

বাকি তিনটি কটেজ তুলনামূলক ছোট। এর মধ্যে গ্রানারি কটেজে দুটি শোওয়ার ঘর, হর্সশু কটেজে দুটি শোওয়ার ঘর এবং ওল্ড স্টেবল কটেজে একটি রয়েছে। আলাদা ঘেরা জায়গায় সুইমিং পুল ও বাইরে একটি টেনিস কোর্টও রয়েছে।

বাড়িটি বিক্রি করে দিতে চান মালিক। এটির বাজার মূল্য ৪৫ লাখ পাউন্ড ৫১ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ২৫২ টাকা।

ইত্তেফাক/টিএ