কুশিয়ারার বুকে চর ও ডুবোচর জেগে ওঠায় নদী পথে নৌযান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে জানা গেছে।
সুনামগঞ্জের পাগলা- জগন্নাথপুর- রানীগঞ্জ-আউশকান্দি- ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীর বুকে জেগে উঠছে ডুবোচর। নদীর যে এলাকায় চর জেগে উঠেছে এখান দিয়ে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যানবাহন পারাপারের জন্য ফেরি চলাচল করে। বর্তমানে যানবাহন পারাপারের একমাত্র মাধ্যম ফেরিটি ডুবোচরে আটকে যাওয়ার ফলে উল্লিখিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা যে কোনো সময় বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে জন দুর্ভোগ ও ভোগান্তি চরম আকার ধারণ করবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুশিয়ারা নদীর বুকে রানীগঞ্জ ফেরির সামনে ছোট ছোট অনেকগুলো চর জেগে উঠায় বর্তমানে ফেরিটি পারাপার হতে পারছে না। ঝুঁকি নিয়ে ফেরিটি চলাচল করছে। অনেক সময় চরে ফেরিটি আটকে যায়। যা ঢাকা-সুনামগঞ্জ রোডের যানচলাচলের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুনামগঞ্জ জেলার জনসাধারণ থেকে শুরু করে সরকারি কর্মকর্তাগণ রানীগঞ্জ ফেরি দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করেন। প্রতিদিন শত শত মালবাহী ট্রাক, ট্রাক্টর, যাত্রীবাহী বাস, মিনি বাসসহ ছোটবড় যানবাহন চলাচল করছে।
এ বিষয়ে রানীগঞ্জ ফেরি ঘাটের ইজারাদার আরকে গ্রুপের এমডি আবুল কাসেম বলেন, দ্রুত নদী খনন করে নদীর নাব্য ফিরিয়ে আনা না হলে যেকোনো সময় ফেরিটি বন্ধ হয়ে যাবে। জনদুর্ভোগ চরমে যাওয়ার আগেই সমস্যাটির সমাধান করা জরুরি। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
সুনামগঞ্জ সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যখন ফেরিটি চলাচল বন্ধ হয়ে যাবে, তখন আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবগত করব।