মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ফুটবল টুর্নামেন্ট

সুনামগঞ্জ: মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ‘আলোকিত সীমান্ত’ শ্লোগানে সীমান্তবর্তী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৮ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। বৃহস্পতিবার বিকালে সীমান্তের ডলুরা মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, চিনাকান্দি, ডলুরা, মথুরকান্দি ও গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে প্রথম দফার এই এলাকায় টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় ডলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিনাকন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় ডলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চার শূন্য গোলে জয় লাভ করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক  লে. কর্নেল মো. মাকসুদুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন মেজর মেজবাহ উদ্দিন রাসেল, সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী, ইউপি সদস্য মো. আক্তার হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের  অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, পর্যায়ক্রমে সুনামগঞ্জের সব সীমান্ত এলাকায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব। পরে অতিথিরা খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের খেলার সরঞ্জাম তুলে দেন    —ইত্তেফাক