ইত্তেফাক রিপোর্ট
প্রখ্যাত সাংবাদিক হাসান শাহরিয়ারে লেখা ‘নিউজউইক-এ বাংলাদেশ: মুক্তিযুদ্ধ, বিজয় এবং তারপর’ বইটি ইতিহাসের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের আকড়গ্রস্ত হিসেবে জায়গা করে নেবে। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ক্ষমতা রাখে এই বইটি। গতকাল শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইয়ের দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বইটি প্রকাশিত হয়েছে উত্স প্রকাশনী থেকে।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, বইটি মুক্তিযুদ্ধকে সমকালীন দৃষ্টিতে দেখার একটা প্রয়াস। ইতিহাসের দৃষ্টিতে এটি মুক্তিযুদ্ধের আকড়গ্রস্ত হিসেবে জায়গা করে নেবে। বইটি বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে।
সভাপ্রধানের বক্তব্যে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, সাংবাদিক হাসান শাহরিয়ার ব্যক্তিগত জীবনে সত্, তার কাজের ক্ষেত্রেও তিনি সত্। এই বইটিতে তিনি তার সেই পরিচয় দিয়েছেন।
সমাজ বিজ্ঞনী ও লেখক ড. মীজানুর রহমান শেলী বলেন, বইটি প্রজন্ম থেকে প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার ক্ষমতা রাখে।
প্রকাশক শিশির আহমেদ রুবেল বলেন, বইটি মুক্তিযুদ্ধের দলিল। মুক্তিযুদ্ধের গবেষকরা বই থেকে নানা উপকরণ পাবেন। আর নিউজউইকের দৃষ্টিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কেমন ছিল সেটা বইটিতে ফুটে উঠেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ড. শামসুজ্জামান খান ও সাংবাদিক আব্দুল কাইয়ুম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, তৌফিক চৌধুরী, কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পারভিন আহমেদ, একুশে টিভির প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক অজয় দাস গুপ্ত, সাংবাদিক নেতা আব্দুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, উত্স প্রকাশনের কর্ণধার মোস্তফা সেলিম প্রমুখ।