চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না এবং বাসি ও ভেজাল খাদ্য পরিবেশনের দায়ে তিনটি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার নগরীর শাহ আমানত সেতু গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, বাসি খাবার পরিবেশন এবং হোটেল লাইসেন্স না থাকায় বিসমিল্লাহ হোটেলকে ৮ হাজার, মদিনা হোটেলকে ১০ হাজার এবং ফাতেমা হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
আজমিরীগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
এদিকে হবিগঞ্জ প্রতিনিধি জানান, আজমিরীগঞ্জে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার টান বাজারে গত বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার এ আদালত পরিচালনা করেন। এ সময় তাকে সহযোগিতা করেন আজমিরীগঞ্জ থানার একদল পুলিশ। অপরিষ্কার ও নিম্নমানের খাবার রাখার কারণে— শাহী রেস্টুরেন্ট এর মালিক মোঃ রাসু মিয়াকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা, ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় মুদি দোকানের মালিক জুয়েল পালকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স থাকায় ও দৃশ্যমান মূল্য তালিকা না থাকায় মুদি দোকানের মালিক হরিপদ রায়কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স রাখার কারণে মুদি দোকানের মালিক সুমন রায়কে ২ হাজার ৫’শ টাকাসহ মোট ১০ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।