মিরসরাই ( চট্টগ্রাম ) সংবাদদাতা
মিরসরাই পৌরসভার কলেজ রোডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২৩ টি দোকানের মালামাল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার পরে মিরসরাই কলেজ রোডের জনতা ব্যাংক সংলগ্ন একটি বৈদ্যুতিক খুটির ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে আগুন লাগে একটি জুতার দোকানে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে কোটি টাকার মালামাল সহ প্রায় ২৩টি দোকান।
প্রতক্ষ্যদর্শী মো. জিহাদুল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর বাজারে উপস্থিত লোকজন পল্লী বিদ্যুত্ অফিসকে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বার বার ফোন দিয়েও তাদের পাওয়া যায়নি। বিদ্যুতের লাইন যদি তাত্ক্ষণিক বন্ধ করা হতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো বলেও জানান তিনি।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রবিউল আজম জানান, সীতাকুণ্ড ও মিরসরাইয়ের ৫টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত ঘটে।