ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার শুরু হয়নি তিন মাসেও

চলতি বছরের বর্ষার মৌসুমে বৃষ্টি ও জলাবদ্ধতায় রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রায় ৪০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যা রাজধানীর মোট সড়কের প্রায় ২০-২৫ শতাংশ। বর্ষার মৌসুম শেষ হয়েছে তিন মাস আগে। এক মাস ধরে অনিয়মিত বৃষ্টিপাতও নেই। সড়কগুলো এখন খটখটে। অথচ বর্ষায় ক্ষতিগ্রস্থ সড়কের সংস্কার কাজ ধরতে পারেনি সিটি করপোরেশন। রাস্তায় এখনো চলছে পুরনো প্রকল্পের কাজ। ফলে ভোগান্তি পিছু ছাড়ছে না নগরবাসীর। নগরীর কোথাও না কোথাও ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ঘটনা।

কর্তৃপক্ষ বলছে, বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন হলে কাজ শুরু করবে সিটি করপোরেশন।

দুই সিটি করপোরেশন সূত্রে জানা যায়, রাজধানীতে ২ হাজার ২৮৯ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ডিএসসিসির আওতায় প্রায় ১ হাজার কিলোমিটার ও ডিএনসিসির রয়েছে ১ হাজার ৩০০ কিলোমিটার। এর মধ্যে এবছর দুই সিটি করপোরেশনের এলাকায় ৪০০ কিলোমিটারেরও বেশি সড়ক নষ্ট হয়েছে। ডিএসসিসিতে ২০০ ও ডিএনসিসিতে ২০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবছরই বর্ষা শেষে ক্ষতিগ্রস্থ সড়ক সংস্কার করে সিটি করপোরেশন। গত বছর দুই সিটি করপোরেশন ৫০০ কিলোমিটার সড়ক সংস্কার করেছে। এতে দুই সিটির সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা খরচ করা হয়েছে। চলতি বছর ৪০০ কিলোমিটার সংস্কারের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। সিটি করপোরেশনের সড়ক সংস্কারের চিত্র বলছে, সংস্কারযোগ্য সড়কের পরিমাণে তেমন হেরফের হচ্ছে না। অথচ বাড়ানো হয়েছে বরাদ্দ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর দুই সিটিতে এখনো পুরনো প্রকল্পের কাজ চলছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন পল্টন, খিলগাঁও, শাজাহানপুর, বাসাবো, আর কে মিশন রোড, ইসলামবাগ, পিলখানা, ফকিরাপুল, কমলাপুর, ও বনশ্রী এলাকায় ৬০ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ চলছে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, দক্ষিণ সিটিতে ৬০ কিলোমিটার সড়ক ও ২০ কিলোমিটার ফুটপাত সংস্কার কাজ চলছে। অন্যদিকে উত্তর সিটি ২৫০ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শেষ করেছে। তবে এখনো ইম্প্রুভমেন্ট অব ড্রেন অ্যান্ড ইম্প্রুভমেন্ট অব রোডস অ্যান্ড ফুটপাতের (আইডিআইপি) প্রকল্পের কাজ চলমান। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে এ প্রকল্পটির ৫০ শতাংশের কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ শেষ হওয়া নিয়ে সন্দেহ রয়েছে। ডিসেম্বরের মধ্যে কাজ না শেষ হলে অতিরিক্ত ১-২ মাস সময় লাগবে বলে জানিয়েছে ডিএনসিসি।

বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই দুই সিটি করপোরেশন এলাকায় বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজ ধরার কথা ছিল। অথচ এখনো ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে সংস্কার কাজ ধরতে পারেনি সংস্থা দুটি। অন্যদিকে বর্ষা মৌসুম শুরুর আগেই পুরনো প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। ফলে কাজের বিলম্বের কারণে বছর জুড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান জানান, এবারের বৃষ্টি ও জলাবদ্ধতায় ডিএসসিসির ২০-২৫ শতাংশ রাস্তা নষ্ট হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশনের অর্থায়নে কিছু সড়ক সংস্কার হবে। বাকিগুলো সংস্কারের জন্য থোক বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। আশা করি, শিগগিরই কাজ শুরু করতে পারব।