মোরেলগঞ্জে পুলের ভগ্নদশা তিন গ্রামের মানুষের ভোগান্তি

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ও বারইখালী ইউনিয়নের একটি সংযোগ পুলের ভগ্নদশার কারণে তিন গ্রামের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। পুলটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা।

উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি গ্রাম ও বারইখালী ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের বারইখালী সংযোগ খালের পুলটি অনেক বছর ধরে ভগ্নদশায় পড়ে আছে। পুলের তক্তা ও পুরাতন খাম্বা খসে পড়ছে। মাঝ বরাবর একটি খাম্বার উপর দাঁড়িয়ে আছে পুলটি। ঝুঁকি নিয়ে প্রতিদিন স্কুল-কলেজ-মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী এ পুল দিয়ে যাতায়াত করে। স্থানীয় লোকজন পুলটি নিজস্ব উদ্যোগে জোড়াতালি দিয়ে কোনোমতে সচল রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল রহিম বাচ্চু ও বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল পুলটি পুনঃনির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহুবার অবহিত করেছেন বলে জানান।