ময়মনসিংহ সদরে আশরাফ হোসাইন চেয়ারম্যান প্রার্থী মনোনীত

ময়মনসিংহ প্রতিনিধি

দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ উপজেলায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থীর গণসংযোগ ও প্রচার-প্রচারণা বেশ জমে উঠেছে।

তবে এ ক্ষেত্রে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের কাউকে মাঠে দেখা না গেলেও আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী ও তাদের অনুসারীদের প্রচারণায় এরই মধ্যে এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। উপজেলায় চেয়ারম্যান পদে কারা মনোনয়ন পান সেদিকেই নজর সবার।

স্থানীয়ভাবে ও দলীয় সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে বিশেষ বর্ধিত সভা করে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করার সিদ্ধান্ত নেয়। তবে তৃণমূলের সমর্থনে কণ্ঠভোটে আশরাফ হোসাইন চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে মনোনীত হয়। তৃণমূল থেকে বাছাইকৃত প্রার্থী ছাড়াও একাধিক প্রার্থীর তালিকা কেন্দ্রে প্রেরণের নির্দেশনা থাকায় চেয়ারম্যান পদে মোর্শেদুল আলম জাহাঙ্গীর, রেজাউল হাসান বাবু ও অধ্যক্ষ আবু সাঈদ মোঃ ফকরুল এর নাম ক্রমানুসারে কেন্দ্রে পাঠানো হবে বলে জানা গেছে।