নবীনগরে বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন তৈরির নামে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে ম্যানেজিং কমিটির সভাপতিকে ২লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এ জরিমানা করেন। লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সুমন আহামেদ বিদ্যালয়ের চিঠি জাল করে পুরাতন চারটি গাছ কেটে নিয়ে গেছেন। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। তদন্তে অবৈধভাবে স্কুলের গাছ কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২লাখ টাকা জরিমানা করা হয় তাকে।